চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও ১ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া জান্নাত চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আরবশাহ ঘোনা এলাকার মাওলানা আরিফুর রহমানের মেয়ে। তিনি চট্টগ্রাম মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
লোহাগাড়া ট্রমা সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইমুন সিরাজ জানান, সকালে এক নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, চুনতি বাজার এলাকায় ইম্পেরিয়াল পরিবহন ও পুরবী পরিবহনের দু’টি বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত বাস দু’টি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
0 মন্তব্য