চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ও আশপাশের এলাকাকে সন্ত্রাসমুক্ত করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, জঙ্গল সলিমপুর আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর অভয়ারণ্য হিসেবে থাকবে না; সেখানে রাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হবে।
শনিবার (৩১ মে) সকালে জঙ্গল সলিমপুর পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় ভূমি ও পার্বত্যবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জঙ্গল সলিমপুরের পাশের বেতুয়া ও চা-বাগান এলাকাতেও সন্ত্রাসীদের সক্রিয়তার তথ্য সরকারের কাছে রয়েছে। ফলে অভিযান শুধু জঙ্গল সলিমপুরেই সীমাবদ্ধ থাকবে না, বরং আশপাশের এলাকাগুলোও এর আওতায় আনা হবে।
তিনি বলেন, পরিকল্পিত যৌথ অভিযানের মাধ্যমে দেশব্যাপী মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসব অপরাধ নির্মূলে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
এ ছাড়া আধুনিক ও অনলাইনভিত্তিক জুয়া নিয়ন্ত্রণে বিদ্যমান আইনের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী সংসদ অধিবেশনে নতুন আইন বা প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হবে।
মাদক মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি কিশোর গ্যাং দমনে বিদ্যমান আইনের সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, আইনের ফাঁকফোকর ব্যবহার করে অনেক কিশোর অপরাধে জড়িয়ে পড়ছে, যা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
0 মন্তব্য