জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পরপর দুটি পৃথক ঘটনায় একই ছাত্রদল নেতা সুমন সর্দারের নাম সামনে আসায় ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে সংবাদ সংগ্রহের পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সাংবাদিকদের অভিযোগ, একদিকে সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তাঁর নাম উঠে এসেছে, অন্যদিকে সাংবাদিক সংগঠনের নেতৃত্বে হস্তক্ষেপ ও সংগঠন দখলের চেষ্টার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে সংগঠনটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হয়েছে। এসব ঘটনায় একই ব্যক্তির নাম বারবার সামনে আসায় ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
ক্যাম্পাস সাংবাদিকদের ভাষ্য, কোনো রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতা যদি সাংবাদিক সংগঠনের নেতৃত্বে হস্তক্ষেপের চেষ্টা করেন এবং একই সঙ্গে সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকের ওপর হামলার অভিযোগেও তাঁর নাম উঠে আসে, তবে তা বিশ্ববিদ্যালয়ে স্বাধীন সাংবাদিকতা চর্চার জন্য একটি গুরুতর হুমকি। এমন পরিস্থিতিতে সাংবাদিকদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হওয়া স্বাভাবিক বলেও তারা মনে করছেন।
সাংবাদিকরা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতা নিশ্চিত করতে সাংবাদিকদের নিরাপত্তা, সংগঠনের স্বায়ত্তশাসন এবং যেকোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
পরপর দুটি ঘটনায় একই ব্যক্তির নাম আলোচনায় আসায় বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর ভূমিকার প্রত্যাশা করছেন ক্যাম্পাসের সাংবাদিক ও সচেতন শিক্ষার্থীরা।
0 মন্তব্য