সৌদি আরবে শেভ্রোলেট গাড়িতে বড় ধরনের নির্মাণগত ত্রুটি দেখা দিয়েছে। এর ফলে দেশটি হাজার হাজার গাড়ি বাজার থেকে তুলে নিতে শুরু করেছে। এ বিষয়ে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় নির্দেশনা জারি করেছে।
সোমবার (১০ আগস্ট) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, চালকের দিকের এয়ারব্যাগ ইনফ্লেটরে একটি ত্রুটি শনাক্ত করার পর সৌদি আরবের বাণিজ্য মন্ত্রণালয় ২৭ হাজারের বেশি শেভ্রোলেট গাড়ি প্রত্যাহার করে নিয়েছে। এই ত্রুটির কারণে দুর্ঘটনার সময় ধাতব খণ্ড গাড়ির কেবিনে ছিটকে আসতে পারে। এর ফলে গুরুতর আঘাত বা মৃত্যুর ঝুঁকি তৈরি হতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রত্যাহারের আওতায় ২৭ হাজার ৩৬০টি গাড়ি রয়েছে। এর মধ্যে নির্দিষ্ট কিছু শেভ্রোলেট ট্র্যাক্স, ক্রুজ এবং অ্যাভিও মডেল রয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ২০১০ থেকে ২০১৭ সালের ট্র্যাক্স মডেল, ২০১২ থেকে ২০১৮ সালের ক্রুজ মডেল এবং ২০১০ থেকে ২০১৭ সালের অ্যাভিও মডেলের গাড়িতে এ ধরনের ত্রুটি ধরা পড়েছে।
মন্ত্রণালয় গাড়ির মালিকদের সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে গাড়ির আইডেন্টিফিকেশন নম্বর (ভিআইএন) প্রবেশ করিয়ে তাঁদের গাড়িগুলো রিকলের অন্তর্ভুক্ত কি না, তা যাচাই করার জন্য অনুরোধ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত যানবাহনগুলোর মালিকদের বিনামূল্যে প্রয়োজনীয় মেরামতের ব্যবস্থা করার জন্য জেনারেল মোটরস, আলজোমাইহ অটোমোটিভ কোম্পানি অথবা ইউনিভার্সাল মোটরস এজেন্সির সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
গালফ নিউজ জানিয়েছে, ভোক্তা সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে এসব গাড়ি প্রত্যাহার করা হচ্ছে। এর লক্ষ্য হলো যানবাহনের নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে এমন উৎপাদনগত ত্রুটি শনাক্ত করা এবং মালিকদের কোনো খরচ ছাড়াই প্রতিকারমূলক কাজ সম্পন্ন করা নিশ্চিত করা।
সূত্র : গালফ নিউজ
0 মন্তব্য