গাজীপুর শিল্পাঞ্চলে বেতন বাড়ানোর দাবিতে কয়েক দিন ধরে চলা শ্রমিক আন্দোলনের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। খুলে দেওয়া হয়েছে অধিকাংশ শিল্পকারখানা। ফলে বৃহস্পতিবার সকাল থেকে কাজে ফিরতে শুরু করেছেন পোশাকশ্রমিকরা। একই সঙ্গে শিল্পাঞ্চল ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বর্তমানে মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন শিল্পকারখানা ও মহাসড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে।
জানা গেছে, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলন করে আসছিলেন পোশাকশ্রমিকরা। এ দাবিতে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় বিভিন্ন স্থানে যানবাহন, মার্কেট ও পুলিশ বক্সে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। কোথাও কোথাও সহিংসতাও ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে কয়েক দিন ধরে অনেক শিল্পকারখানা বন্ধ রাখা হয়।
তবে বৃহস্পতিবার সকালে অধিকাংশ কারখানা খুলে দেওয়ায় শ্রমিকদের কর্মস্থলে ফিরতে দেখা গেছে। যদিও কিছু কারখানা এখনো বন্ধ রয়েছে।
শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছেন বিজিবির ২৫ প্লাটুন সদস্য ও ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি মহাসড়ক ও শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
কর্মস্থলে ফেরা শ্রমিকরা জানান, গত কয়েক দিন আন্দোলনের কারণে তারা কারখানায় কাজে যোগ দিতে পারেননি। কারখানার সামনে যাওয়ার আগেই আন্দোলন দেখে ফিরে আসতেন। তবে বৃহস্পতিবার সকালে আন্দোলন না থাকায় তারা কাজে যোগ দিচ্ছেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, বৃহস্পতিবার সকাল থেকে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। কারখানাগুলো খুলে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
0 মন্তব্য