আগামীকাল রোববার (৯ আগস্ট) একদিনের সফরে চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি মহেশখালী, বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। সন্ধ্যায় চট্টগ্রাম নগরীতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ইতোমধ্যে সফরের চূড়ান্ত কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।
চূড়ান্ত সফরসূচি অনুযায়ী, সকাল ৯টায় মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন।
পরে দুপুর ১২টায় হেলিকপ্টারে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে ত্রাণ বিতরণ করবেন। একই অনুষ্ঠানে ১০০ গৃহহারা পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেওয়ার কথা রয়েছে।
এরপর দুপুর ১টায় ফটিকছড়িতে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
পরে হাটহাজারী উপজেলার আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে প্রয়াত শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি। এরপর জেলা পরিষদ ডাকবাংলোয় সংক্ষিপ্ত বিরতির পর হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন।
অনুষ্ঠানে হাটহাজারীর বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের জন্য স্থানীয় সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে ঘর নির্মাণে সহায়তা হিসেবে পরিবারপ্রতি ১ লাখ টাকা করে অনুদান দেবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ১৫ জন প্রতিবন্ধীর প্রত্যেককে শুভেচ্ছা উপহার হিসেবে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর হোটেল রেডিসন ব্লুতে চট্টগ্রাম বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
সফরের সব কর্মসূচি শেষে রাত ৯টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
0 মন্তব্য