উইঙ্গার লুইস দিয়াজের এক গোল ও এক অ্যাসিস্টে ভর করে বিশ্বকাপের গ্রুপ ‘কে’-এর প্রথম ম্যাচে অভিষিক্ত উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়েছে কলম্বিয়া। বুধবার মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দানিয়েল মুনোজ, লুইস দিয়াজ ও জামিন্তন কাম্পাজ গোল করেন।
৮০ হাজারের বেশি দর্শকের উপস্থিতিতে বৃষ্টিস্নাত সন্ধ্যায় ইতালিয়ান কোচ ফাবিও কানাভারোর শিষ্যরা দীর্ঘ সময় শৃঙ্খলাপূর্ণ ফুটবল খেললেও কলম্বিয়ার অভিজ্ঞতা ও মানের পার্থক্য শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল কোপা আমেরিকার রানার্সআপ কলম্বিয়া। জন আরিয়াস ও হ্যামেস রদ্রিগেজ কয়েকটি সুযোগ তৈরি করলেও রক্ষণে দৃঢ় ছিল উজবেকিস্তান। পাল্টা আক্রমণে বেখরুজ কারিমভ সুযোগ পেলেও শেষ মুহূর্তে তা নষ্ট করে দেন জন লুকুমি।
প্রথমার্ধে সবচেয়ে ভালো সুযোগটি পেয়েছিলেন লুইস দিয়াজ। তার শট পোস্টে লেগে ফিরে আসে। পরে আবদুকোদির খুসানোভের একটি ট্যাকলে দিয়াজের সঙ্গে মাঠের পাশে থাকা এক ক্যামেরাম্যানও আহত হন এবং চিকিৎসা নিতে হয়।
৪০তম মিনিটে অবশেষে গোলের দেখা পায় কলম্বিয়া। আক্রমণ ভেস্তে যাওয়ার পর বল কুড়িয়ে নিয়ে চমৎকার একটি পাস দেন দিয়াজ। সেই পাস থেকে দানিয়েল মুনোজ নিখুঁত ফিনিশে দলকে এগিয়ে দেন।
বিরতির পর আরও আত্মবিশ্বাসী ফুটবল খেলতে শুরু করে উজবেকিস্তান। ৬০তম মিনিটে বিশ্বকাপে নিজেদের ইতিহাসের প্রথম গোলটি পায় তারা। এলদোর শোমুরোদভের শট গোলরক্ষক কামিলো ভার্গাস ঠেকালেও ফিরতি বলে কাছ থেকে হেড করে জালে পাঠান আব্বাসবেক ফায়জুল্লায়েভ।
তবে সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬৫তম মিনিটে গুস্তাভো পুয়ের্তার পাস থেকে গোল করে কলম্বিয়াকে আবারও এগিয়ে দেন লুইস দিয়াজ। গ্যালারিজুড়ে তখন ধ্বনিত হতে থাকে ‘লুচো, লুচো’ স্লোগান।
ম্যাচের শেষ দিকে সমতা ফেরানোর মরিয়া চেষ্টা চালায় উজবেকিস্তান। আকমাল মজগোভয়ের শট অল্পের জন্য বাইরে চলে যায়, কারিমভের দূরপাল্লার প্রচেষ্টা ক্রসবারে লাগে এবং আজিজবেক আমোনভের শট প্রতিহত হয় রক্ষণভাগে।
যোগ করা সময়ের নবম মিনিটে জামিন্তন কাম্পাজ গোল করে কলম্বিয়ার জয় নিশ্চিত করেন। ম্যাচে কলম্বিয়া ১৫টি শট নেয়, যেখানে উজবেকিস্তানের শট ছিল ৯টি। এই জয়ে বিশ্বকাপের গ্রুপপর্বে নিজেদের শেষ আট ম্যাচের সাতটিতেই জয় তুলে নিল নেস্তর লরেঞ্জোর দল।
আগামী মঙ্গলবার কলম্বিয়া মুখোমুখি হবে ডিআর কঙ্গোর, আর উজবেকিস্তান খেলবে পর্তুগালের বিপক্ষে।
0 মন্তব্য