মাদারীপুরের ডাসার উপজেলায় ইতালি প্রবাসীর প্রায় ৬০ শতাংশ জমির ধান বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় দুই বিঘা জমির ধান দিয়ে পরিবারের খাদ্যের চাহিদা মেটানোর স্বপ্ন ভেঙে গেছে ভুক্তভোগী পরিবারের।
গত ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের উত্তর ধূয়াসার মৌজায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন জমির মালিক ইতালি প্রবাসী মেনাজুল আকনের স্ত্রী মিম আক্তার।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পরদিন সকালে মিম আক্তার জমিতে গিয়ে দেখতে পান, বিষাক্ত কীটনাশকের প্রভাবে পুরো ধানক্ষেত পুড়ে নষ্ট হয়ে গেছে। ধানে শীষ বের হওয়ার আগেই ফসল নষ্ট হয়ে যাওয়ায় তারা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন।
এ ঘটনায় দক্ষিণ ধূয়াসার এলাকার মানিক মাতুব্বরের ছেলে ইব্রাহিম মাতুব্বরের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
মিম আক্তার বলেন, ইব্রাহিম মাতুব্বরের সঙ্গে তাদের কোনো ব্যক্তিগত বিরোধ নেই। এমনকি অভিযুক্তের জমিও তাদের জমির সঙ্গে সংলগ্ন নয়। কারও প্ররোচনা বা লোভে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।
তিনি আরও বলেন, ভবিষ্যতে তাদের জমি ও ফসলের আরও ক্ষতি হতে পারে—এমন আশঙ্কায় বিষয়টি জানিয়ে ডাসার থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
এদিকে ফসল নষ্টের ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যেও ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে। কৃষকদের দাবি, এ ধরনের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হলে কৃষকদের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি হবে।
ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান মাহমুদ বলেন, “এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
0 মন্তব্য