দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ে এডিস মশাবাহিত এই রোগে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য দিয়েছে।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হলো ২০ হাজার ৭১। মৃত্যু হয়েছে ৬১ জনের। বিশেষজ্ঞদের আশঙ্কা, আগস্ট ও সেপ্টেম্বরজুড়ে ডেঙ্গু পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে।
অক্টোবর পর্যন্ত সংক্রমণের উচ্চহার অব্যাহত থাকার ঝুঁকিও রয়েছে। চলতি আগস্টে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে চার হাজার ৭৬১ জন। মৃত্যু হয়েছে সাতজনের। আগের মাসে আক্রান্ত হয় ৯ হাজার ২০৬ জন এবং মৃত্যু হয় ৩৬ জনের।
গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে ১০৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮১, বরিশালে ৭৫, খুলনা বিভাগে ১০৭, ময়মনসিংহ বিভাগে ৩৭, রাজশাহী বিভাগে ৬৫, রংপুর বিভাগে ১৭২ এবং সিলেট বিভাগে পাঁচজন আক্রান্ত রোগীর তথ্য পাওয়া গেছে। ঢাকা বিভাগে (দুই সিটির বাইরে) কোনো রোগীর তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৪৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী চিকিৎসাধীন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের মোট আক্রান্তের ৭৫ শতাংশই ঢাকার বাইরের। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২৫ শতাংশ।
ঢাকার বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত বরিশাল বিভাগে। বরিশাল বিভাগে মোট আক্রান্তের ১৯.৭৬ শতাংশ, চট্টগ্রামে ১৭.১৪ শতাংশ, ঢাকা বিভাগে ১৩.৭৩ শতাংশ। খুলনায় ১৩.১৪ শতাংশ রোগী শনাক্ত হয়েছে। এতে স্পষ্ট যে ডেঙ্গু এখন দেশের জনস্বাস্থ্যের বড় সংকটে পরিণত হয়েছে।
হাম ও হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে ৯৯২ জন হাম নিয়ে হাসপাতালে এসেছে এবং ১৬৩ জনের শরীরে হাম শনাক্তের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।চলতি বছরের গেল ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত সারা দেশে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৮ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৭৮০ জন প্রাণ হারিয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত ৮৭৮ জনের প্রাণহানি হয়েছে।
হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি, ৩৪১ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মৃত্যু হয়েছে ১২৪ জনের। এ ছাড়া রাজশাহীতে ৯১, ময়মনসিংহে ৭২, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৬, খুলনায় ৩২ এবং রংপুর বিভাগে ১৩ জনের মৃত্যু হয়েছে।
সারা দেশের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা হয়েছে এক লাখ ১৯ হাজার ৩২২। এর মধ্যে এক লাখ ১৫ হাজার ১৩৯ জন হাসপাতাল ছেড়েছে। এ ছাড়া দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা হয়েছে এক লাখ ৩৭ হাজার ৩১২। আর নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ২৭৮।
0 মন্তব্য