চট্টগ্রাম শিক্ষা বোর্ডে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে বড় ধরনের অবনতি হয়েছে। এক বছরের ব্যবধানে বোর্ডে পাসের হার কমেছে ১২.৫৯ শতাংশ। একই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রকাশিত ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলের তুলনামূলক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, ২০২৫ সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৭২.০৭ শতাংশ। ২০২৬ সালে তা কমে দাঁড়িয়েছে ৫৯.৪৮ শতাংশে। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১২.৫৯ শতাংশ।
ছাত্রদের পাসের হারও কমেছে। ২০২৫ সালে ছাত্রদের পাসের হার ছিল ৭১.৯৩ শতাংশ, যা ২০২৬ সালে কমে হয়েছে ৫৮.৭৬ শতাংশ। অন্যদিকে ছাত্রীদের পাসের হার ৭২.১৯ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৬০.০৩ শতাংশে।
বিভাগভিত্তিক ফলাফলেও একই চিত্র দেখা গেছে। বিজ্ঞান বিভাগে ২০২৫ সালে পাসের হার ছিল ৯২.৫৭ শতাংশ। ২০২৬ সালে তা কমে হয়েছে ৮৪ দশমিক ৪১ শতাংশ। মানবিক বিভাগে পাশের হার ৫৫ দশমিক ০২ শতাংশ থেকে কমে ৩৮ দশমিক ৭৯ শতাংশে নেমেছে। ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৩ দশমিক ৫৪ শতাংশ থেকে কমে পাসের হার হয়েছে ৬০ দশমিক ১২ শতাংশ।
চট্টগ্রাম মহানগরেও পাসের হার কমেছে। ২০২৫ সালে মহানগরে পাসের হার ছিল ৮১ দশমিক ০৩ শতাংশ। এবার তা কমে হয়েছে ৭৪ দশমিক ৩৩ শতাংশ।
মহানগর বাদে চট্টগ্রাম জেলায় পাসের হার ৭১ দশমিক ২৯ শতাংশ থেকে কমে হয়েছে ৫৭ দশমিক ১৩ শতাংশ। মহানগরসহ পুরো চট্টগ্রাম জেলার পাশের হার ৭৪ দশমিক ৯০ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৬৪ দশমিক ০৩ শতাংশে।
বোর্ডের অধীন অন্যান্য জেলাতেও ফলাফলে অবনতি হয়েছে। কক্সবাজারে পাসের হার ৭০ দশমিক ৭৬ শতাংশ থেকে কমে ৫৭ দশমিক ০৯ শতাংশ হয়েছে। রাঙ্গামাটিতে ৫৬ দশমিক ৫৫ শতাংশ থেকে কমে ৪১ দশমিক ১৭ শতাংশ এবং খাগড়াছড়িতে ৬০ দশমিক ৭৭ শতাংশ থেকে কমে ৩৪ দশমিক ৯৯ শতাংশ হয়েছে। বান্দরবানে পাসের হার ৬৩ দশমিক ১২ শতাংশ থেকে কমে ৪৭ দশমিক ৮৮ শতাংশে দাঁড়িয়েছে।
এদিকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। ২০২৫ সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ১১ হাজার ৮৪৩ জন। ২০২৬ সালে এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৩৯৮ জনে। অর্থাৎ এক বছরে জিপিএ-৫ কমেছে ২ হাজার ৪৪৫টি।
ফলাফলের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, ২০২৫ সালে শতভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যা ছিল ৩৩টি। ২০২৬ সালে তা কমে হয়েছে ২১টি।
অন্যদিকে শূন্য শতাংশ পাস করা বিদ্যালয়ের সংখ্যা ২০২৫ সালে একটি থাকলেও ২০২৬ সালের তথ্যের ঘরটি প্রকাশিত তুলনামূলক তালিকায় অস্পষ্ট রয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪০ হাজার ৩৮৮ জন। ২০২৬ সালে পরীক্ষার্থীর সংখ্যা কমে হয়েছে ১ লাখ ৩০ হাজার ৬৮২ জন। অর্থাৎ পরীক্ষার্থী কমেছে ৯ হাজার ৭০৬ জন।
ফলাফলের সার্বিক চিত্রে দেখা যাচ্ছে, পরীক্ষার্থীর সংখ্যা কমার পাশাপাশি এবারের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার ও জিপিএ-৫ দুই সূচকেই উল্লেখযোগ্য পতন হয়েছে।
0 মন্তব্য