চট্টগ্রামের মিরসরাইয়ে সিজারিয়ান অপারেশন ছাড়াই স্বাভাবিকভাবে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার বিএম হাসপাতালে দুই ছেলে ও এক মেয়ের জন্ম দেন তিনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রামগড় থেকে চিকিৎসার জন্য ওই প্রসূতিকে বিএম হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক ডা. সৈয়দা ফারহিন আজম ও সিনিয়র নার্স হাসনা হেনার তত্ত্বাবধানে নরমাল ডেলিভারির মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়। জন্ম নেওয়া তিন নবজাতকের মধ্যে দুজন সুস্থ রয়েছে। অপর শিশুটির ওজন তুলনামূলক কম হওয়ায় তাকে হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়েছে। সেখানে শিশু বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
নবজাতকদের বাবা আনোয়ার হোসেন বলেন, ‘একসঙ্গে তিন সন্তানের বাবা হতে পেরে আমি ও আমার পরিবার অত্যন্ত আনন্দিত। আল্লাহর রহমতে মা ও দুই সন্তান সুস্থ আছে। আরেক সন্তানকে এনআইসিইউতে রাখা হয়েছে।
তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই।’
বিএম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ওসমান গনি ভূঁইয়া রাহাত বলেন, একসঙ্গে তিন সন্তানের নরমাল ডেলিভারি একটি চ্যালেঞ্জিং বিষয়। তবে অভিজ্ঞ চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় কোনো ধরনের সিজারিয়ান অপারেশন ছাড়াই সফলভাবে ডেলিভারি সম্পন্ন হয়েছে।
0 মন্তব্য