পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় ১ অক্টোবর বিকেলে জেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়েছে।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিজ মৈত্রী রায়।
প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র নিয়মনীতি উপেক্ষা করে তুলশীপুর এলাকায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে আসছিল। এতে স্থানীয় পরিবেশের পাশাপাশি আবাদি জমি ও সরকারি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এ অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ১ হাজার ফুট পাইপ ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।
এদিকে প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও পরিবেশবাদীরা। তাদের মতে, নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালিত হলে নদী-নালা, ফসলি জমি ও স্থানীয় পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ধ্বংসকারী ও অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। জনস্বার্থ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
0 মন্তব্য