চীনের উদ্যোগে গঠিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহযোগিতা জোট ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কো-অপারেশন অর্গানাইজেশন ওয়াইকো-এ প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
শনিবার (১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ওয়াইকো হলো চীনের উদ্যোগে গঠিত একটি আন্তর্জাতিক এআই সহযোগিতা সংস্থা। বর্তমানে রাশিয়া, পাকিস্তান, ব্রাজিলসহ মোট ২৯টি দেশ এই জোটের সদস্য। এর সদর দপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত।
জোটটির ঘোষিত লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা, প্রযুক্তিগত উদ্ভাবনে সমন্বয় বৃদ্ধি, বৈশ্বিক ডিজিটাল বৈষম্য কমিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা এবং এআই প্রযুক্তির নিরাপদ, দায়িত্বশীল ও মানবকল্যাণমুখী ব্যবহার নিশ্চিত করতে বৈশ্বিক নীতিমালা ও নিয়ন্ত্রক কাঠামো উন্নয়নে কাজ করা।
এছাড়া, বৈশ্বিক এআই উন্নয়নের ক্ষেত্রে একটি উন্মুক্ত, ন্যায্য ও বৈষম্যহীন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেও কাজ করছে সংস্থাটি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে যুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশ জোটটির কার্যক্রম, নীতিমালা ও সহযোগিতার সুযোগগুলো পর্যবেক্ষণ করবে। পরবর্তী সময়ে সদস্যপদ-সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
0 মন্তব্য