চীনের সেমিকন্ডাক্টর শিল্পে বড় ধরনের প্রযুক্তিগত অগ্রগতির খবরে মঙ্গলবার দিনের শুরুতেই জাপান ও দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে বড় পতন দেখা গেছে। এর আগে একই কারণে যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর খাতের শেয়ারও ব্যাপকভাবে দর হারায়।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
লেনদেনের শুরুতে জাপানের নিক্কেই-২২৫ সূচক ৪ দশমিক ১ শতাংশ কমে ৬২ হাজার ২৪৮ দশমিক ৭৮ পয়েন্টে নেমে আসে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ৭ দশমিক ৯ শতাংশ কমে দাঁড়ায় ৬ হাজার ২২১ দশমিক ৮১ পয়েন্টে।
এ সময় দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকসের শেয়ারের দাম ৭ শতাংশের বেশি কমে যায়। আর বিশ্বের অন্যতম মেমোরি চিপ নির্মাতা এসকে হাইনিক্সের শেয়ার ৭ দশমিক ৫ শতাংশ দর হারায়।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ‘ইনফরমেশন’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সাংহাই ইউলিয়াংশেং অত্যাধুনিক এক্সট্রিম আল্ট্রাভায়োলেট (ইইউভি) লিথোগ্রাফি যন্ত্রের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে।
এ প্রযুক্তি এতোদিন শুধু ডাচ সংস্থা এএসএমএল-এর আয়ত্তে ছিল। ফলে, চীনের এই অগ্রগতি বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পে প্রতিযোগিতার নতুন মাত্রা যোগ করতে পারে বলে বাজারে আশঙ্কা তৈরি হয়েছে।
0 মন্তব্য