ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে বড় ধাক্কা খেল মরক্কো। চোটের কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারবেন না দলের তারকা মিডফিল্ডার ইসমাইল সাইবারি।
শেষ ষোলোর ম্যাচে কানাডার বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পান সাইবারি। সময়মতো সুস্থ না হওয়ায় বৃহস্পতিবার বোস্টনে অনুষ্ঠিতব্য কোয়ার্টার ফাইনালে তাকে পাচ্ছে না মরক্কো।
বুধবার সংবাদ সম্মেলনে মরক্কোর কোচ মোহাম্মদ ওহবি বলেন, “সাইবারি ছাড়া দলের সবাই শতভাগ ফিট। এই ম্যাচটি তার জন্য খুব তাড়াতাড়ি চলে এসেছে। তবে আশা করছি, পুরো টুর্নামেন্ট থেকেই সে ছিটকে পড়েনি।”
সম্প্রতি নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দহোভেন ছেড়ে পাঁচ বছরের চুক্তিতে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন সাইবারি। প্রায় ৫ কোটি ইউরো ট্রান্সফার ফিতে যোগ দেওয়া এই ফুটবলার চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন।
গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেন তিনি। এছাড়া শেষ ৩২-এর টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারানোর ম্যাচে জয়সূচক পেনাল্টিও নেন সাইবারি।
তবে কানাডার বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। মরক্কো সেমিফাইনালে উঠতে পারলে সেখানে তার ফেরার সম্ভাবনা রয়েছে।
সাইবারির বদলি হিসেবে কানাডার বিপক্ষে মাঠে নেমে গোল করেছিলেন স্ট্রাইকার সুফিয়ান রহিমি। ফ্রান্সের বিপক্ষেও একাদশে তার থাকার সম্ভাবনা বেশি।
২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরেছিল মরক্কো। এবার সেই হারের প্রতিশোধ নেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে আটলাস লায়ন্সরা।
কোচ ওহবি বলেন, “আমরা অবশ্যই ম্যাচটি জিততে চাই। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আসাই যথেষ্ট—এমন কথা আমি মানি না। আমাদের লক্ষ্য সেমিফাইনালে ওঠা।”
অন্যদিকে রিয়াল মাদ্রিদের তারকা ব্রাহিম দিয়াজও আত্মবিশ্বাসী। ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পের মুখোমুখি হওয়ার আগে তিনি বলেন, “ফ্রান্স অবশ্যই অন্যতম ফেবারিট। কিন্তু আমরা দেখিয়েছি, তাদের সঙ্গে লড়াই করার সামর্থ্য আমাদের আছে। দলের ওপর আমার পূর্ণ বিশ্বাস রয়েছে।
0 মন্তব্য