দেশের বিভিন্ন স্থানে বন্ধ হয়ে থাকা শিল্পকারখানাগুলো পুনরায় চালুর লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৪ মে) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে শিল্পখাতের বর্তমান পরিস্থিতি, বন্ধ কারখানার কারণ, শ্রমিকদের অবস্থা এবং সম্ভাব্য পুনরুদ্ধার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বস্ত্র ও পাট খাতের অচল কারখানাগুলো দ্রুত চালু করে উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবীর রিজভী, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে কারখানা বন্ধ হওয়ার পেছনের কারণ হিসেবে আর্থিক সংকট, কাঁচামালের উচ্চমূল্য, ব্যবস্থাপনা জটিলতা এবং বাজার প্রতিযোগিতার বিষয়গুলো উঠে আসে। এসব সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন, দ্রুত সময়ের মধ্যে একটি কার্যকর কর্মপরিকল্পনা তৈরি করে বন্ধ কারখানাগুলো পর্যায়ক্রমে চালু করার উদ্যোগ নিতে। একই সঙ্গে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, প্রযুক্তি আধুনিকায়ন এবং দক্ষ জনবল গড়ে তোলার দিকেও গুরুত্বারোপ করা হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, প্রয়োজনে বিশেষ প্রণোদনা প্যাকেজ, সহজ শর্তে ঋণ সুবিধা এবং নীতিগত সহায়তা দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে, যাতে শিল্পখাত দ্রুত ঘুরে দাঁড়াতে পারে।
0 মন্তব্য