ডোমিনিকান রিপাবলিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বিলাসবহুল সমুদ্রতীরবর্তী রিসোর্ট প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এটি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অবস্থিত একটি রাষ্ট্র।
শুক্রবার (১৯ জুন) ঘটে যাওয়া এ ঘটনায় প্রায় এক হাজার ৭০০ পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগুনে একজন ইতালীয় পর্যটকের মৃত্যু হয়েছে। এ ছাড়া কয়েকজন পর্যটক আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ক্ষতিগ্রস্ত রিসোর্টটি হলো ভিভা ডোমিনিকাস বিচ বাই উইন্ডহাম, যা দেশটির দক্ষিণ-পূর্ব উপকূলীয় পর্যটনকেন্দ্র বায়াহিবেতে অবস্থিত। এটি দেশি-বিদেশি, বিশেষ করে মার্কিন পর্যটকদের কাছে জনপ্রিয় একটি গন্তব্য।
কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণে প্রায় এক হাজার ৬৯০ জন পর্যটককে রিসোর্ট থেকে অন্য হোটেল ও নিকটবর্তী আবাসনকেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন লাগার কারণ এখনও তদন্ত করা হচ্ছে।
দেশটির জরুরি কার্যক্রম কেন্দ্রের তথ্য অনুযায়ী, প্রবল বাতাস এবং রিসোর্টের ছাদের একটি অংশ খড় দিয়ে তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
তবে ভিভা উইন্ডহামের পাশের রিসোর্ট ডোমিনিকাস প্যালেস আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি। সেখানে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
0 মন্তব্য