বাংলাদেশসহ চার দেশের ওমরাহযাত্রীদের জন্য নতুন নিয়ম চালু করতে যাচ্ছে সৌদি আরব। নতুন নীতির আওতায় ওমরাহ ভিসা পেতে হলে প্রতিদিনের খাবারের জন্য বাধ্যতামূলক ‘নুসুক’ (Nusuk) ফুড ভাউচার কিনতে হবে। এই শর্ত পূরণ না করলে ওমরাহ ভিসা পাওয়া যাবে না।
মঙ্গলবার (৪ আগস্ট) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নতুন নিয়মটি রবিউল আউয়াল মাসের ১ তারিখ থেকে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও মিশরের ওমরাহযাত্রীদের ক্ষেত্রে কার্যকর হবে।
নতুন নীতিতে প্রতিদিনের খাবারের জন্য প্রায় ২০ সৌদি রিয়াল মূল্যের ফুড ভাউচার বাধ্যতামূলক করা হয়েছে। এই অর্থ ওমরাহ ভিসার মোট ফি'র সঙ্গে যুক্ত থাকবে।
নতুন ব্যবস্থায় ওমরাহযাত্রীদের হোটেল বুকিং, পরিবহন ও খাবারসহ বিভিন্ন সেবা একটি একক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে। এ লক্ষ্যে মক্কা ও মদিনার প্রায় ১০ হাজার রেস্তোরাঁ নুসুক অ্যাপের সঙ্গে যুক্ত করা হয়েছে।
প্রতিটি ওমরাহযাত্রীর ভিসার সঙ্গে একটি স্বতন্ত্র ডিজিটাল কোড সংযুক্ত থাকবে। ওই কোড ব্যবহার করে অনুমোদিত রেস্তোরাঁ ও খাবারের দোকান থেকে খাবার সংগ্রহ করা যাবে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো ওমরাহযাত্রীদের জন্য মানসম্মত ও সুশৃঙ্খল খাবার সরবরাহ নিশ্চিত করা, অনিবন্ধিত সেবাদাতাদের কার্যক্রম নিয়ন্ত্রণ করা এবং ওমরাহ ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও কার্যকর করা।
তবে নতুন নিয়ম কার্যকর হলে ওমরাহ প্যাকেজের মোট খরচ কিছুটা বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও মিশরের ট্রাভেল এজেন্সিগুলোকে তাদের ওমরাহ প্যাকেজ ও মূল্য পুনর্নির্ধারণ করতে হতে পারে। সূত্র: দ্য নিউজ পাকিস্তান
0 মন্তব্য