ইন্দোনেশিয়ার জাকার্তায় আজ শুক্রবার ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী মালয়েশিয়া।
বিকেল ৩টায় শুরু হতে যাওয়া এই হাইভোল্টেজ ম্যাচে ফুটবলপ্রেমীদের জন্য রয়েছে বড় চমক। জাতীয় দলের একাদশে অভিষেকের অপেক্ষায় থাকা ইংল্যান্ড প্রবাসী ফারহান আলী ওয়াহিদকে শুরুর একাদশেই রাখছেন লাল-সবুজের প্রধান কোচ থমাস ডুলি।
তবে আজকের একাদশে চোখ রাখলে বেশ কিছু বড় রদবদল নজরে পড়বে। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াকে মূল একাদশে না রেখে শুরুর ডাগআউটে বদলি খেলোয়াড়ের তালিকায় রেখেছেন কোচ।
জামালের অনুপস্থিতিতে জাকার্তায় আজ বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ মিডফিল্ডার সোহেল রানা (সিনিয়র)। অন্যদিকে ইনজুরির কারণে জাকার্তার বিমানেই ওঠা হয়নি নির্ভরযোগ্য ডিফেন্ডার তপু বর্মণের। চোটের কারণে স্কোয়াডে থাকলেও আজকের ম্যাচে মাঠে নামতে পারছেন না প্রতিশ্রুতিশীল ফরোয়ার্ড শেখ মোরসালিনও।
পোস্টের নিচেও পরিবর্তন এসেছে, নিয়মিত গোলরক্ষক মিতুল মারমার বদলে আজ জাকার্তায় পোস্ট সামলানোর দায়িত্ব পাচ্ছেন মেহেদী হাসান শ্রাবণ।
তপু বর্মণ না থাকায় রক্ষণে ভরসা করা হয়েছে সাদ, জুনিয়র তপু, তারিক ও জায়ানকে। ফারহান আলী জাকার্তায় পাঁচ দিন অনুশীলন করেই কোচের আস্থা কুড়িয়ে নিয়েছেন। গত ৫ জুনের সর্বশেষ ম্যাচ থেকে আজকের শুরুর একাদশে একযোগ ৭টি পরিবর্তন এনেছেন ডুলি।
বাংলাদেশের শুরুর একাদশ:
মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), তারিক কাজী, শাকিল আহাদ তপু (জুনিয়র), সাদ উদ্দিন, জায়ান আহমেদ, হামজা দেওয়ান চৌধুরী, সোহেল রানা (সিনিয়র), সামিত সোম, ফারহান আলী ওয়াহিদ, রাকিব হোসেন ও ফাহমিদুল ইসলাম।
0 মন্তব্য