‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থা চালুর পর দেশে বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেন উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত এক সপ্তাহে বাংলা কিউআরে দৈনিক গড় লেনদেনের সংখ্যা প্রায় দ্বিগুণ এবং লেনদেনের আর্থিক পরিমাণ প্রায় তিন গুণ হয়েছে।
রোববার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘এক দেশ, এক কিউআর’ উদ্যোগের আওতায় গত ১ জুলাই থেকে দেশে সব ধরনের নিজস্ব কিউআর কোডের পরিবর্তে একটি একক বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
জুলাইয়ের শুরুতে বাংলা কিউআরের মাধ্যমে দৈনিক গড়ে প্রায় ১ লাখ ৭৮ হাজার লেনদেন হতো। এসব লেনদেনের আর্থিক পরিমাণ ছিল দৈনিক প্রায় ৩৭ কোটি ৩৩ লাখ টাকা।
গত এক সপ্তাহে দৈনিক গড় লেনদেনের সংখ্যা বেড়ে প্রায় ৩ লাখ ৩ হাজারে দাঁড়িয়েছে। একই সময়ে দৈনিক গড় লেনদেনের পরিমাণ বেড়ে হয়েছে প্রায় ১১০ কোটি ৩৮ লাখ টাকা।
বাংলা কিউআর ব্যবহারকারী ব্যবসায়ীর সংখ্যাও বেড়েছে। ২১ জুলাই পর্যন্ত বাংলা কিউআর ব্যবহারকারী ব্যবসায়ীর সংখ্যা প্রায় ১৬ লাখ থেকে বেড়ে ৩০ লাখ ছাড়িয়েছে।
বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে ভূমিকা রাখছে।
সংশ্লিষ্টরা বলছেন, বাংলা কিউআরের ব্যবহার বাড়ায় দেশে ডিজিটাল লেনদেনের প্রসার আরও ত্বরান্বিত হবে। এর ফলে সহজ, কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে উঠবে।
0 মন্তব্য