স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিন প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।
একই সঙ্গে এসব পণ্যের উৎপাদন, বিপণন ও বিক্রি সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভোক্তাদের এসব পণ্য না কেনা ও গ্রহণ না করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিএফএসএ এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা পণ্যগুলো হলো—
ইস্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ‘ইস্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’
ইস্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘ইস্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’
আরবোটিং ফুড কোম্পানি লিমিটেডের ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’
বিএফএসএ জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও খাদ্যপণ্যের পরীক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে। খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংস্থাটি ভোক্তাদের সতর্ক করে জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সন্দেহজনক বা নিষিদ্ধ ঘোষিত কোনো খাদ্যপণ্য ক্রয় ও গ্রহণ থেকে বিরত থাকতে হবে।
0 মন্তব্য