বাবার মৃত্যুর শোকের মধ্যেও জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া বাগেরহাটের এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম ড. এহছানুল হক মিলন।
বুধবার (২২ জুলাই) রাতে মন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএস) ফারহান ইশতিয়াক ফোনে ইকনকে এ বার্তা জানান। এ সময় ইকনের বাসায় উপস্থিত ছিলেন কালবেলার বাগেরহাট প্রতিনিধি রুহুল আমিন বাবু।
মন্ত্রীর পিএস জানান, চলমান এইচএসসি পরীক্ষার সময় যেন ইকনকে জীবিকার জন্য কাজ করতে না হয়, সে লক্ষ্যে দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি পরীক্ষা শেষ হওয়ার পর তার উচ্চশিক্ষাসহ ভবিষ্যৎ পড়াশোনার সার্বিক দায়িত্ব নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।
সম্প্রতি বাবার দাফন শেষ করে রাতেই কৃষি ব্যাংকের একটি এটিএম বুথে দায়িত্ব পালন এবং পরদিন সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। ইকনের সংগ্রামী জীবনের গল্প সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে এবং অনেকেই তার পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
ইকনের বাবা ইসরাফিল দাড়িয়া মোটরসাইকেল চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করতেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়ে। বর্তমানে মানসিক ভারসাম্যহীন এক ভাই ও মাকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করছে ইকনের পরিবার। প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাওয়ার তার অদম্য ইচ্ছাশক্তি সবার প্রশংসা কুড়িয়েছে।
0 মন্তব্য