আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক থেকে পদত্যাগ করেছেন চার স্বতন্ত্র পরিচালক। বাংলাদেশ ব্যাংকের মৌখিক নির্দেশনায় এসব পরিচালক গতকাল রবিবার পদত্যাগ করেছেন।
আল–আরাফাহ্ ইসলামী ব্যাংকের পর্ষদ থেকে পদত্যাগ করা চার স্বতন্ত্র পরিচালক হলেন—মো. শাহীন উল ইসলাম, মো. আবদুল ওয়াদুদ, এম আবু ইউসুফ ও মোহাম্মদ আশরাফুল হাসান। তাঁদের কেউ ছিলেন সাবেক ব্যাংকার, হিসাববিদ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকটির পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। তাঁদের মধ্য থেকে চারজন পদত্যাগ করেছেন।
আওয়ামী লীগ সরকারের সময় এস আলম ও কেডিএস গ্রুপ ব্যাংকটি পরিচালনায় যুক্ত ছিল।
গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর ব্যাংকটির পরিচালনায় কেডিএস গ্রুপের ক্ষমতা বাড়ে। এখন স্বতন্ত্র পরিচালক সরিয়ে নেওয়ায় ব্যাংকটি পরিচালনায় পুরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে কেডিএস গ্রুপের।
পদত্যাগ করা একজন পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে তাঁদের পদত্যাগ করতে বলা হয়েছে। এর পরই তাঁরা পদত্যাগ করেন।
বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, সরকারের উচ্চ পর্যায় থেকে ব্যাংকটির পরিচালনা পর্ষদ থেকে স্বতন্ত্র পরিচালক সরিয়ে নেওয়ার কথা বলা হয়। সেই অনুযায়ী একজন স্বতন্ত্র পরিচালক রেখে বাকি চারজনকে পদত্যাগ করতে বলা হয়েছে।
গত জুলাইয়ে ব্যাংকটির পুরনো ১৪ জন শেয়ারধারীকে ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব নেন সাবেক চেয়ারম্যান বদিউর রহমান।
আর নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান।
0 মন্তব্য