প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনব্যাপী সফরে জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক সরকারি ও জনসম্পৃক্ত কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে পরশুরামের উদ্দেশে ঢাকার পথে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন।
সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন তারেক রহমান। এ সময় আয়োজিত শুভেচ্ছাবিনিময় অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি।
এর পাশাপাশি ফেনীর তিন উপজেলার সরকারি কার্যালয়ের ছাদে স্থাপিত রুফটপ সোলার প্যানেল থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
পরে দুপুর ১টা ১৫ মিনিটে পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। দুপুর দেড়টার দিকে কলেজ প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
এরপর দুপুর ২টার দিকে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সফরের গুরুত্বপূর্ণ আরেকটি কর্মসূচি অনুষ্ঠিত হবে বিকেল ৩টায়। এ সময় ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তারেক রহমান। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের মধ্যে সম্মানী ভাতা প্রদান করবেন তিনি।
দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৫টার দিকে সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরসূচি অনুযায়ী, রাত ৯টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
0 মন্তব্য