Browsing: মানবিক ছোঁয়া

মানুষ সামাজিক প্রাণী এই কথাটি আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। কিন্তু আধুনিক জীবনের ব্যস্ততা, প্রযুক্তিনির্ভর যোগাযোগ ও যান্ত্রিক জীবনযাপনের কারণে মানুষে মানুষে সরাসরি সংযোগ দিন দিন কমে যাচ্ছে। কথোপকথন সীমাবদ্ধ হয়ে পড়ছে পর্দার ভেতর, অথচ বিজ্ঞান বলছে মানসিক প্রশান্তি ও শারীরিক সুস্থতার জন্য ‘স্পর্শ’ মানুষের মৌলিক প্রয়োজনগুলোর একটি।

কান্নার মুহূর্তে কেউ কাঁধে হাত রাখলে কিংবা প্রিয়জনের আলিঙ্গনে যে স্বস্তি অনুভূত হয়, সেটি কেবল আবেগের বিষয় নয়; এর পেছনে রয়েছে শক্তিশালী জৈবিক প্রক্রিয়া। গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিন মানবিক স্পর্শ থেকে বঞ্চিত থাকলে মানুষের রোগ প্রতিরোধক্ষমতা কমে যায়, বাড়ে বিষণ্নতা ও হৃদ্‌রোগের ঝুঁকি। মনোবিজ্ঞান ও স্নায়ুবিজ্ঞানের গবেষণাগুলো স্পর্শের এই বহুমাত্রিক গুরুত্বকে আরও স্পষ্টভাবে সামনে আনছে।