ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে বলেছেন, সদ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) লঙ্ঘিত হলে তার পূর্ণ দায় যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে। বিশেষ করে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ রাখার শর্ত বাস্তবায়নে ওয়াশিংটনের প্রতিশ্রুতি অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার-এর সঙ্গে টেলিফোন আলাপে আরাঘচি ১৮ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নে ইসলামাবাদের মধ্যস্থতা ও কূটনৈতিক উদ্যোগের প্রশংসা করেন।
তিনি বলেন, সব ফ্রন্টে সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রকে অবশ্যই তার অঙ্গীকার রক্ষা করতে হবে। চুক্তির কোনো ধরনের লঙ্ঘন হলে তার দায়ভার ওয়াশিংটনের ওপরই বর্তাবে।
অন্যদিকে ইসহাক দার কূটনৈতিক অগ্রগতিকে স্বাগত জানিয়ে চলমান আলোচনা ও শান্তি প্রচেষ্টার প্রতি পাকিস্তানের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী ধাপগুলোতেও ইতিবাচক ও দীর্ঘস্থায়ী ফলাফল অর্জিত হবে।
ফোনালাপে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন এবং ভবিষ্যতে নিয়মিত পরামর্শ ও যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হন।
0 মন্তব্য