চলতি বছরের এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৬৬ দশমিক ২৭ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা—দুটিই কমেছে।
সোমবার (১০ আগস্ট) সকালে যশোর শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে ফলাফল ঘোষণা করেন বোর্ডের সচিব অধ্যাপক ড. আবদুল মতিন।
বোর্ড সূত্রে জানা গেছে, এবার যশোর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৩২ হাজার ৯৪০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৬৬ হাজার ২২৩ জন ছাত্র এবং ৬৬ হাজার ৭১৭ জন ছাত্রী। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৮৮ হাজার ৯৭ জন।
গত বছর যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৭৩ দশমিক ৬৯ শতাংশ। সে সময় জিপিএ-৫ পেয়েছিল ১৫ হাজার ৪১০ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।
ফলাফলে পিছিয়ে পড়ার কারণ হিসেবে ইংরেজি ও গণিত বিষয়ে তুলনামূলক খারাপ ফলকে উল্লেখ করেছেন শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. আবদুল মতিন।
তিনি জানান, ছেলেদের তুলনায় মেয়েদের ফলাফল অপেক্ষাকৃত ভালো হয়েছে। মেয়েরা বাড়িতে থেকে পড়াশোনায় বেশি সময় দিয়েছে। অন্যদিকে ছেলেরা বাইরে বেশি সময় কাটানোর পাশাপাশি মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারে জড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।
এবার যশোর শিক্ষা বোর্ডের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই এসএসসি পরীক্ষায় পাস করতে পারেনি। বিপরীতে ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
0 মন্তব্য