পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফেরা শুরু করেছে রাজধানীতে কর্মজীবী মানুষেরা। উত্তরবঙ্গের প্রবেশদ্বারখ্যাত সিরাজগঞ্জের মহাসড়কগুলোতে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ ব্যাপক বৃদ্ধি পেয়েছে।
যমুনা সেতুতে গত ২৪ ঘণ্টায় স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ যানবাহন চলাচল করেছে। সেতুতে গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজারেরও বেশি যানবাহন পারাপার হয়েছে, যার বিপরীতে টোল আদায় হয়েছে সোয়া ৩ কোটি টাকারও বেশি।
শনিবার সকালে যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন চলাচল করেছে। এর বিপরীতে সর্বমোট ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা টোল আদায় হয়েছে।
কর্তৃপক্ষ সূত্রে আরো জানা যায়, যমুনা সেতুর পূর্ব টোল প্লাজা (উত্তরবঙ্গগামী লেন) দিয়ে ১৮ হাজার ৮৫৯টি যানবাহন পারাপার হয়েছে, যার বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭০ লাখ ২১ হাজার ৪৫০ টাকা। অপরদিকে, পশ্চিম টোল প্লাজা দিয়ে ১৬ হাজার ১০৭টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ১১ হাজার ৯৫০ টাকা।
যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, সেতুতে নিয়মিত ১৪টি বুথের মাধ্যমে টোল আদায় করা হয়েছে। তবে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের চাপ সামলাতে এবং দ্রুত টোল আদায়ের লক্ষ্যে শনিবার থেকে অতিরিক্ত আরো ৪টি বুথসহ মোট ১৮টি বুথ চালু করা হবে।
0 মন্তব্য