যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(যবিপ্রবি) "অ্যাসোসিয়েশন অব ব্রাহ্মণবাড়িয়ার" ২০২৬ সালের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষিত হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমন দাস এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রোকন উদ্দিন।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়।
নতুন দায়িত্ব পেয়ে সভাপতি সুমন দাস বলেন, “প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি যাদের ধারাবাহিকতায় আমরা এমন একটি সুন্দর প্লাটফর্ম পেয়েছি। অ্যাসোসিয়েশনের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাকে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব দেওয়ার জন্য। অ্যাসোসিয়েশনের প্রত্যেকটি সদস্য ব্রাহ্মণবাড়িয়া জেলাকে উপস্থাপন করে। তাই আমরা চেষ্টা করব আমাদের চিন্তা-চেতনা ও মেধা দিয়ে সৃজনশীল কাজের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার সুনাম ও মর্যাদা বৃদ্ধি করতে।”
তিনি আরও বলেন, “প্রতিটি পদক্ষেপে আমরা চেষ্টা করব সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকে অ্যাসোসিয়েশনকে এগিয়ে নিতে। সর্বোপরি আমাদের অ্যাসোসিয়েশনের সকল শুভাকাঙ্ক্ষীদের জন্য রইল আমাদের পক্ষ থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতা।”
সাধারণ সম্পাদক রোকন উদ্দিন বলেন, “সবাইকে নিয়ে কাজ করতে চাই। সমাজের কল্যাণমূলক ও শিক্ষার্থী-বান্ধব পরিবেশ গড়ে তুলতে চাই। নবীনদের সবসময় সহযোগিতা করতে চাই। পাশাপাশি বৃক্ষরোপণ ও মানবসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।”
এছাড়া কমিটিতে সহ-সভাপতি হিসেবে মো. জাহিদ, মো. জিহাদ, মুজাক্কিন মিশাত, তানভীরুল হক সিফাত ও তাহসিন আরাফাত; সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম তুহিন; সহ-সাংগঠনিক সম্পাদক আকাশ সরকার; অর্থ সম্পাদক মো. সাগর রানা এবং সহ-অর্থ সম্পাদক হিসেবে মো. আকাশ ও মো. রায়হাত আহমেদ মোনাস দায়িত্ব পেয়েছেন।
উক্ত অনুষ্ঠানে কমিটি ঘোষণার পাশাপাশি ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক নাফিজা নূয়েরী ইসলাম।
নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটি আরও সুসংগঠিত, সৃজনশীল ও শিক্ষার্থীকল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।
0 মন্তব্য