যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বজ্রঝড়ের আশঙ্কা থাকা সত্ত্বেও দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেওয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "যাই হোক না কেন, আমি সেখানে থাকব।"
ওয়াশিংটনের ন্যাশনাল মলে যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ট্রাম্পের ভাষণ দেওয়ার কথা ছিল। তবে বজ্রঝড়ের আশঙ্কায় ওয়াশিংটন মনুমেন্টসংলগ্ন এলাকা থেকে উপস্থিত জনতাকে সাময়িকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
অনুষ্ঠানের আয়োজক সংগঠন ফ্রিডম ২৫০ জানায়, আবহাওয়া অনুকূলে এলে দর্শনার্থীদের আবারও প্রবেশের সুযোগ দেওয়া হবে এবং নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে, স্থানীয় সময় রাত ১১টায় ট্রাম্প ভাষণ দেবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, "আমি যেকোনো পরিস্থিতিতেই সেখানে থাকব। শনিবার রাত, চলুন আনন্দ করি—প্রয়োজনে গভীর রাত পর্যন্ত।"
অনুষ্ঠানে অংশ নিতে দর্শনার্থীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। কড়া নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি তাপমাত্রা ১০২ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত ওঠায় পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। রেকর্ড গরমের কারণে রাজধানী এলাকায় কয়েকটি প্যারেড ও অন্যান্য অনুষ্ঠান বাতিল করা হয়।
দক্ষিণ ডাকোটা থেকে আসা ৬০ বছর বয়সী সফটওয়্যার প্রকৌশলী গ্লেন সোল্যান্ডার বলেন, "এ ধরনের পরিস্থিতির জন্যই আমি প্রস্তুত ছিলাম।"
শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী গোষ্ঠীর উপস্থিতি
অনুষ্ঠানে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী সংগঠন প্যাট্রিয়ট ফ্রন্ট-এর সদস্যদেরও দেখা যায়। সংগঠনটি সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়াশিংটনে পৌঁছানোর তথ্য জানায়। শতাধিক সদস্যকে একই ধরনের পোশাকে মেট্রো ট্রেনে রাজধানীতে আসতে দেখা গেলেও স্থানীয় পুলিশ কোনো সহিংস ঘটনার খবর পাওয়ার কথা জানায়নি।
সমালোচনার মুখে ‘ফ্রিডম ২৫০’
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টরা সাধারণত ৪ জুলাইয়ের অনুষ্ঠানে সরাসরি রাজনৈতিক উপস্থিতি এড়িয়ে চললেও ট্রাম্প সরকারি আয়োজন ও নির্বাচনী প্রচারণার ধাঁচের রাজনীতির মধ্যে পার্থক্য কমিয়ে এনেছেন বলে সমালোচকদের অভিযোগ।
ট্রাম্প প্রশাসন সমর্থিত ফ্রিডম ২৫০ সংগঠনটি ২০১৬ সালে গঠিত নির্দলীয় ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির ভূমিকা অনেকটাই সীমিত করে দিয়েছে। সংগঠনটি ন্যাশনাল মলের বড় অংশজুড়ে "গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার" আয়োজন করেছে, যেখানে নাগরদোলার পাশাপাশি রক্ষণশীল বিভিন্ন সংগঠন ও প্রতিরক্ষা খাতের প্রতিষ্ঠানের প্রদর্শনী রয়েছে।
সংগঠনটির দাবি, এই আয়োজনের উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রকে "বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ" হিসেবে তুলে ধরা। তবে ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কয়েকটি অঙ্গরাজ্য প্রতিনিধি পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে এবং রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলে অনেক শিল্পীও অনুষ্ঠান থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। গত ২৪ জুন ট্রাম্প একটি সমাবেশের মাধ্যমে এই আয়োজনের উদ্বোধন করেন।
রাজনৈতিক হয়ে উঠছে জাতীয় উদযাপন
প্রথমদিকে দর্শনার্থীর সংখ্যা কম থাকলেও সাম্প্রতিক দিনগুলোতে ভিড় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অনুষ্ঠানস্থলের আশপাশে স্মিথসোনিয়ান জাদুঘরের দোকান ও রেস্তোরাঁয় প্রায় রেকর্ড পরিমাণ বিক্রি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ফ্রিডম ২৫০-এর ব্যানারে আরও রয়েছে রক্ষণশীল খ্রিস্টান বক্তাদের নিয়ে ধর্মীয় সমাবেশ, বিভিন্ন ক্রীড়া আয়োজন এবং ট্রাম্পের জন্মদিন উপলক্ষে হোয়াইট হাউস প্রাঙ্গণে মিশ্র মার্শাল আর্টস প্রতিযোগিতার পরিকল্পনা।
তবে সমালোচকদের অভিযোগ, সংগঠনটির প্রচার কার্যক্রমে যুক্তরাষ্ট্রের ইতিহাসকে অতিরিক্ত ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করা হচ্ছে এবং দাসপ্রথা ও বর্ণবৈষম্যের মতো গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোকে আড়াল করা হচ্ছে।
এদিকে রয়টার্স/ইপসোস-এর এক জরিপে দেখা গেছে, অধিকাংশ মার্কিন নাগরিক—যার মধ্যে প্রায় তিন-চতুর্থাংশ ডেমোক্র্যাট ও অর্ধেক রিপাবলিকান রয়েছেন—মনে করেন, যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন অতিমাত্রায় রাজনৈতিক হয়ে উঠেছে।
প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে ওয়াশিংটনের বিভিন্ন স্থাপনা সংস্কারের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। অনেক ফোয়ারা ও ভাস্কর্য সংস্কার করা হলেও ১ কোটি ৫০ লাখ ডলারের লিংকন মেমোরিয়ালের রিফ্লেক্টিং পুল সংস্কার প্রকল্প নানা সমস্যায় পড়েছে। বর্তমানে সেখানে অতিরিক্ত নিরাপত্তা থাকলেও পানিতে শ্যাওলা জমা ও অবকাঠামোগত সমস্যার অভিযোগ রয়ে গেছে।
0 মন্তব্য