ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি নারী। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা নারীরা হলেন রিয়া খাতুন (২৫), শিল্পী খাতুন (২৬) ও শিমলা খাতুন (২৬)। তাদের বাড়ি যথাক্রমে সাতক্ষীরা, নড়াইল ও পাবনা জেলায়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, বিউটি পার্লারে ভালো বেতনে চাকরির প্রলোভনে দালালের মাধ্যমে প্রায় দুই বছর আগে সীমান্তপথে অবৈধভাবে ভারতের মুম্বাইয়ে যান ওই তিন নারী। সেখানে একটি বিউটি পার্লারে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হন তারা।
পরে তাদের আদালতে পাঠানো হলে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন। সাজা শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থা তাদের দায়িত্ব নিয়ে শেল্টার হোমে রাখে।
পরবর্তীতে দুই দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বুধবার দেশে ফেরেন তারা।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের আনুষ্ঠানিকতা শেষে তিন নারীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে।
জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন জানান, বেনাপোল পোর্ট থানা থেকে তিন নারীকে গ্রহণ করে শেল্টার হোমে রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
0 মন্তব্য