প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা দেখেছি বিগত ১৬ বছর এই দেশের মানুষের লক্ষ-কোটি অর্থ বিদেশে পাচার করে দেওয়া হয়েছিল। এই দেশের মানুষের সম্পদ বিদেশে পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে ফোকলা করে দেওয়া হয়েছিল।
প্রশাসনকে রাজনীতিকীকরণের মাধ্যমে প্রশাসনের দক্ষতা নষ্ট করে ফেলা হয়েছিল। আমরা দেখেছি দেশের চিকিৎসাব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছিল আরেকটি দেশের চিকিৎসার সুবিধার জন্য। আমরা দেখেছি উন্নয়নের নামে এই দেশের মানুষের অর্থ তছরুপ করা হয়েছে।’
শনিবার চাঁদপুর সদরের বিশ্বখাল পুনঃখননের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই কাজ আমরা শুরু করেছি। খাল খননের প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা বাস্তবায়ন শুরু করেছি। কৃষক কার্ডের মাধ্যমে স্বাবলম্বী করা হবে কৃষকদের। খাল খনন কর্মসূচিতে গ্রাম থেকে শহর সব জায়গার মানুষ উপকৃত হবে।
যেসব পরিকল্পনা গ্রহণ করেছি, তা আমরা বাস্তবায়ন করব। এতে মানুষ উপকৃত হবে।’
তারেক রহমান বলেন, ‘আমাদের রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তন করার। আমাদের রাজনীতি প্রতিশ্রুতি পালনের। আমরা যখন প্রতিশ্রুতি পালন শুরু করেছি, তখন কিছু সংক্ষুব্ধ মানুষ বিভ্রান্তিমূলক কথা বলছে।
সাধারণ মানুষকে সজাগ থাকতে হবে যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচি যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘মানুষ সচেতন ছিল বলেই ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির পক্ষে রায় দিয়েছে। যেসব কাজ করার রায় মানুষ দিয়েছে, সেসব কাজ আমরা বাস্তবায়ন করব। কেউ বাধা দিতে চাইলে মানুষ তাদের সেই ষড়যন্ত্রকে ভেস্তে দেবে। বিভ্রান্তকারীদের ফাঁদে পা দেওয়া যাবে না।’
এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু, শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন, জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমদ মানিকসহ প্রমুখ।
0 মন্তব্য