তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান বাস্তবতায় তথ্যপ্রবাহ আর নিয়ন্ত্রণের মধ্যে নেই।
তাই জনসংযোগ কর্মকর্তাদের আধুনিক তথ্যব্যবস্থা ও ডিজিটাল যোগাযোগ সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে।
রোববার রাজধানীতে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সমন্বিতভাবে কাজ করলে সমাজ ও রাষ্ট্র গঠনে বড় ধরনের অবদান রাখা সম্ভব। বর্তমান ইনফরমেশন ইকোসিস্টেম সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকলে কার্যকর জনসংযোগ কার্যক্রম পরিচালনা করা কঠিন হবে। পাশাপাশি জনগণের কাছে সরকারি সেবা যথাযথভাবে পৌঁছাচ্ছে কি না, সে বিষয়েও নজর রাখতে হবে।
তিনি আরও বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া আধুনিক জনসংযোগ কার্যক্রম কল্পনা করা যায় না। তাই কর্মকর্তাদের প্রযুক্তি ও ডিজিটাল যোগাযোগব্যবস্থায় দক্ষ হয়ে উঠতে হবে।
তথ্যমন্ত্রী জানান, তথ্য ক্যাডারে বর্তমানে তিন শতাধিক কর্মকর্তা রয়েছেন। আধুনিক জনসংযোগ ব্যবস্থাপনার জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, বর্তমানে পারসেপশন ম্যানেজমেন্টের এক ধরনের প্রতিযোগিতা চলছে, যেখানে দক্ষ জনবল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বক্তব্য দেন ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি ফ্যাক্ট-চেকিং কার্যক্রমেও এ প্রযুক্তি কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব।
তিনি আরও বলেন, সরকারি কার্যক্রম জনগণের সামনে তুলে ধরা জনসংযোগ কর্মকর্তাদের অন্যতম দায়িত্ব।
0 মন্তব্য