হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ চালু হওয়া ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্ক প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নেটওয়ার্কের আওতায় রয়েছে টার্মিনাল-১, টার্মিনাল-২, ডোমেস্টিক টার্মিনাল, ভিআইপি টার্মিনাল, ভিভিআইপি টার্মিনাল এবং কার পার্কিং এলাকা। ফলে বিমানবন্দরের প্রায় সব গুরুত্বপূর্ণ স্থানে যাত্রীরা বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
এই সেবা নিশ্চিত করতে বিমানবন্দরে আধুনিক প্রযুক্তিনির্ভর অবকাঠামো গড়ে তোলা হয়েছে। এর মধ্যে রয়েছে ২৫০টি অ্যাক্সেস পয়েন্ট, ৪৮ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ও ইথারনেট কেবল এবং ৩৭টি অ্যাক্সেস সুইচ।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রতিটি অ্যাক্সেস পয়েন্ট একসঙ্গে সর্বোচ্চ ১৫০ জন ব্যবহারকারীকে সেবা দিতে সক্ষম। সে হিসেবে ২৫০টি অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে একই সময়ে প্রায় ৩৭ হাজার ৫০০ জন যাত্রী ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে পারবেন।
এছাড়া পুরো সিস্টেমটি সর্বোচ্চ ৪০ জিবিপিএস ব্যান্ডউইথ ক্ষমতা নিয়ে পরিচালিত হচ্ছে, যা পুরো কভারেজ এলাকায় দ্রুত ও স্থিতিশীল ইন্টারনেট সেবা নিশ্চিত করবে বলে দাবি করা হয়েছে।
গত ২৬ এপ্রিল পরীক্ষামূলক কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ২০ হাজার যাত্রী এই সেবা ব্যবহার করেছেন। এ সময়ে মোট প্রায় ২ দশমিক ৩ টেরাবাইট ডেটা ব্যবহৃত হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের ভাষ্য, এই উদ্যোগের ফলে দেশি-বিদেশি যাত্রীদের ডিজিটাল সেবা গ্রহণ, তথ্যপ্রাপ্তি, যোগাযোগ ও অনলাইন কার্যক্রম আরও সহজ ও দ্রুততর হবে।
0 মন্তব্য