যুক্তরাষ্ট্রের তারকা ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ফিফা। ফলে সোমবার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে খেলতে পারবেন তিনি। তবে এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ২-০ গোলের জয়ে প্রতিপক্ষের তারিক মুহারেমোভিচের গোড়ালিতে স্টাড লাগায় সরাসরি লাল কার্ড দেখেন বালোগুন। নিয়ম অনুযায়ী, এর ফলে তার এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার কথা ছিল।
তবে রোববার ফিফা জানায়, বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। সংস্থাটি জানায়, এক বছরের পরীক্ষামূলক (প্রবেশন) মেয়াদে শাস্তি স্থগিত থাকবে। এই সময়ে একই ধরনের গুরুতর অপরাধ করলে স্থগিতাদেশ বাতিল হয়ে আগের শাস্তিও কার্যকর হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সামাজিক মাধ্যমে লেখেন, "সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং বড় অন্যায় সংশোধন করার জন্য ফিফাকে ধন্যবাদ।"
এর আগে ট্রাম্প ম্যাচ শেষে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করে লাল কার্ডের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিলেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
অন্যদিকে ফিফার এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেলজিয়াম। দেশটির ফুটবল ফেডারেশন (আরবিএফএ) এক বিবৃতিতে নিজেদের "স্তম্ভিত" বলে উল্লেখ করেছে।
বেলজিয়াম কোচ রুডি গার্সিয়া কটাক্ষ করে বলেন, "মনে হচ্ছে ৫ জুলাই নয়, ফিফার দপ্তরে যেন ১ এপ্রিল (এপ্রিল ফুলস ডে)।" তিনি দাবি করেন, বিশ্বকাপের ইতিহাসে এমন সিদ্ধান্ত আগে কখনও দেখা যায়নি এবং এটি ফুটবলের ন্যায়নীতি ও সততার প্রশ্ন তোলে।
বেলজিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, তারা সম্ভাব্য সব আইনি পদক্ষেপ বিবেচনা করছে, যাতে প্রতিযোগিতার ন্যায্যতা ও অন্যান্য দলের অধিকার রক্ষা করা যায়।
এদিকে মার্কিন শিবিরে বালোগুনের খেলার অনুমতির খবর পৌঁছায় অনুশীলনে যাওয়ার পথে সামাজিক মাধ্যমে। যুক্তরাষ্ট্রের অধিনায়ক ক্রিশ্চিয়ান পুলিসিক বলেন, "ওই ফাউলে কোনো ইচ্ছাকৃত আঘাত ছিল না। টুর্নামেন্টে এর চেয়েও খারাপ অনেক ফাউল হয়েছে।"
২৫ বছর বয়সী বালোগুন এবারের বিশ্বকাপে ইতোমধ্যে তিনটি গোল করেছেন। এর মধ্যে বসনিয়ার বিপক্ষে একটি গোলও রয়েছে। এই তিন গোলের মাধ্যমে তিনি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের হয়ে এক আসরে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাদের একজন হয়েছেন। বর্তমানে তিনি ফরাসি ক্লাব মোনাকোর হয়ে খেলেন।
বিশ্বকাপে ২০০২ সালের পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে সোমবার বেলজিয়ামের মুখোমুখি হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র।
0 মন্তব্য