টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে আবারও ফুলে-ফেঁপে উঠেছে তিস্তা নদী। পানি বৃদ্ধি পেয়ে নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বর্তমানে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ শুরু হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২৮ মিটার। সেখানে নদীর বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। এর আগে সকাল ৬টাতেও একই মাত্রায়, অর্থাৎ বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়।
পানি বৃদ্ধির ফলে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। পাশাপাশি জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিচু এলাকাও প্লাবিত হওয়ার আশঙ্কায় রয়েছে।
টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন বলেন, তিস্তার পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলে ইতোমধ্যে পানি প্রবেশ শুরু হয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, বুধবার সকাল ৬টা থেকে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে রাতের দিকে পানি কিছুটা কমে আসতে পারে বলে আশা করা হচ্ছে।
0 মন্তব্য