ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সৌদি আরবের সঙ্গে ইরানের কোনো যুদ্ধ চলছে না। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার মধ্যে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সব দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
পেজেশকিয়ান বলেন, “সৌদি আরবের সঙ্গে আমরা যুদ্ধে নেই। হুতিদের নিজস্ব কিছু বিষয় রয়েছে। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সব জাতির একসঙ্গে এগিয়ে আসা উচিত।”
তিনি আরও বলেন, “একে অপরের সঙ্গে যুদ্ধে জড়ানোর কোনো কারণ নেই।”
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে জানতে চাইলে পেজেশকিয়ান বলেন, দেশটির সর্বোচ্চ নেতা জীবিত আছেন এবং আগের মতোই রাজনৈতিক ব্যবস্থার মধ্যে নিজের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
তিনি বলেন, “আমাদের সর্বোচ্চ নেতা জীবিত আছেন এবং আগের মতোই রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে নিজের ভূমিকা পালন করে যাচ্ছেন।”
পেজেশকিয়ান আরও অভিযোগ করেন, ইরানের শত্রুরা দেশটির বর্তমান সর্বোচ্চ নেতার বিরুদ্ধেও তাঁর পূর্বসূরির ক্ষেত্রে যে ধরনের কৌশল নিয়েছিল, একই পদ্ধতি প্রয়োগের চেষ্টা করছে।
এদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপেরও সমালোচনা করেছেন পেজেশকিয়ান। তিনি বলেন, সামরিক সংঘাতের কারণে সাধারণ মানুষের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হওয়া উচিত নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, “আমেরিকানরা যদি সত্যিই যোদ্ধা হয়, তাহলে তারা যুদ্ধক্ষেত্রে আমাদের মুখোমুখি হোক। মানুষের জীবন-জীবিকাকে কেন লক্ষ্যবস্তু করা হচ্ছে?”
তিনি আরও বলেন, “ভয় দেখানো ও চাপ প্রয়োগ করে আমাদের জাতিকে নতি স্বীকারে বাধ্য করা যাবে না। ইরান আত্মসমর্পণ করবে না।”
0 মন্তব্য