রাজধানীতে ছিনতাইকারীর কবলে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এ ঘটনা ঘটে। নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
জানা গেছে, চিকিৎসকের পরামর্শ নিতে শনিবার ভোরে বগুড়া থেকে ঢাকায় আসেন রনজিনা পারভীন। গাবতলী থেকে রিকশাযোগে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, রনজিনার রিকশাটি ওই এলাকায় পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলে আসা এক ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দেয়। এ সময় ব্যাগের টানে ভারসাম্য হারিয়ে রিকশা থেকে সড়কে পড়ে যান তিনি। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান গণমাধ্যমকে বলেন, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। খুব শিগগিরই তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে দিনের শুরুতেই রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। শিক্ষিকা রনজিনা পারভীনের আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
0 মন্তব্য