দ্বিপক্ষীয় বাণিজ্য সহজ করা, লেনদেন ব্যয় কমানো এবং স্বাধীন আর্থিক ও ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করতে উদ্যোগ নিয়েছে ইরান ও রাশিয়া।
এ লক্ষ্যে রাশিয়ায় বৈঠক করেছেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মতি এবং রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এলভিরা নাবিউলিনা। বৈঠকে ব্যাংকিং সহযোগিতা সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং উত্তর-দক্ষিণ পরিবহন করিডোরকে আরও কার্যকর করার বিষয়গুলো গুরুত্ব পায়।
আলোচনায় হেম্মতি ইরানের প্রতি রাশিয়ার সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের সময় ইরানি জনগণ ও সশস্ত্র বাহিনীর দৃঢ়তার কথা উল্লেখ করেন। তিনি বলেন, তেহরান মস্কোর সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।
রুশ কেন্দ্রীয় ব্যাংকের প্রধান এলভিরা নাবিউলিনা বলেন, তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়—এমন আর্থিক অবকাঠামো গড়ে তোলা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, দ্বিপক্ষীয় বাণিজ্যে জাতীয় মুদ্রার ব্যবহার বাড়ানো এবং ব্যাংকিং সংযোগ জোরদার করা হলে উভয় দেশের অর্থনীতির ওপর নিষেধাজ্ঞার প্রভাব কমানো সম্ভব হবে।
বৈঠক শেষে দুই দেশ একটি স্থায়ী যৌথ ব্যাংকিং কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়। এই কমিটি যৌথ ব্যাংকিং ও আর্থিক কর্মসূচিগুলোর বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং দ্রুততর করার দায়িত্ব পালন করবে।
রাশিয়া সফর শেষে হেম্মতি জানান, দুই দেশের মধ্যে নতুন আর্থিক কাঠামো ও লেনদেন ব্যবস্থা তৈরি ও শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে ব্যাংকিং জটিলতা কমানো, লেনদেন ব্যয় হ্রাস এবং স্বতন্ত্র আর্থিক চ্যানেল গড়ে তোলার লক্ষ্য রয়েছে।
তিনি বলেন, এই সফর কেবল কূটনৈতিক আনুষ্ঠানিকতা ছিল না; বরং বৈদেশিক বাণিজ্যের পথে থাকা প্রতিবন্ধকতা দূর করার জন্য এটি ছিল একটি কার্যকর কর্মসূচি। রুশ আর্থিক ও অর্থনৈতিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় প্রচলিত সীমাবদ্ধতার বাইরে নতুন আর্থিক ব্যবস্থা গড়ে তোলা এবং বাণিজ্য সম্প্রসারণে বিদ্যমান মুদ্রা সক্ষমতা কাজে লাগানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে।
বৈদেশিক মুদ্রাবাজারের সমন্বয় ও এর ব্যবসায়িক প্রভাব প্রসঙ্গে হেম্মতি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান লক্ষ্য হলো ব্যবসায়ীদের লেনদেন ব্যয় কমানো এবং স্থিতিশীলতা নিশ্চিত করা। এর ফলে রাশিয়ার সঙ্গে বাণিজ্যে যুক্ত আমদানি-রপ্তানিকারকরা বিনিময় হার ও অর্থ স্থানান্তর নিয়ে আরও নিশ্চিতভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন।
সূত্র; মেহের নিউজ
0 মন্তব্য