ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্মার্টফোন আগে কে ব্যবহার করবেন, তা নিয়ে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটির জেরে কীটনাশক পান করে খোদেজা বেগম (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার (১০ আগস্ট) ভোরে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে নাসিরনগর উপজেলার ধনকুড়া গ্রামে সানু সরদারের বাড়িতে ভাড়া নেওয়া মারুফ মিয়ার দোচালা ঘরে ঘরের একমাত্র স্মার্টফোনটি নিয়ে খোদেজা বেগমের সঙ্গে তার স্বামীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিমান করে স্বামীর অগোচরে তিনি কীটনাশক পান করেন। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।
নিহত খোদেজা বেগম নাসিরনগর উপজেলার কুলিকুন্ডা উত্তরপাড়া এলাকার তারাজ মিয়ার মেয়ে। প্রায় নয় বছর আগে ধনকুড়া গ্রামের আক্কেল আলীর ছেলে, কৃষিজীবী মরম আলীর সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। তাদের তানভীর নামে ছয় বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। সোমবার বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
নিহতের খালা সাদিয়া বেগম অভিযোগ করেন, খোদেজার মৃত্যুর পর স্বামীর পরিবারের সবাই বাড়ি ছেড়ে চলে গেছেন। বিষয়টি ইতোমধ্যে পুলিশকে জানানো হয়েছে বলে তিনি জানান। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক গৃহবধূ কীটনাশক পান করে মারা গেছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বিষয়টি নাসিরনগর থানাকে অবহিত করা হয়েছে।
0 মন্তব্য