সিরাজগঞ্জে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটে যমুনা সেতুর পশ্চিমপাড়ের শহীদ এম মনসুর আলী রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর লাইনচ্যুত বগি উদ্ধারে পাবনার ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
শহীদ এম মনসুর আলী স্টেশনের বুকিং সহকারী হাফিজুর রহমান জানান, রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস স্টেশনে পৌঁছানোর পর হঠাৎ একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রেল যোগাযোগ বন্ধ থাকায় ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস যমুনা সেতুর পশ্চিমপাড়ের সয়দাবাদ স্টেশনে আটকা পড়েছে।
সিরাজগঞ্জ রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পিডব্লিউওআই) আহসানুর রহমান বলেন, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন আনার ব্যবস্থা করা হয়েছে। সেটি পৌঁছানোর পর লাইনচ্যুত বগি সরিয়ে রেললাইন সচল করা হবে। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
0 মন্তব্য