শিক্ষানবিশ বা লার্নার ড্রাইভিং লাইসেন্সধারীদের গাড়ি চালানোর ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নির্দেশনা অনুযায়ী, বৈধ প্রশিক্ষকের সঙ্গে প্রশিক্ষণ নেওয়ার সময় ছাড়া শিক্ষানবিশ লাইসেন্সধারীরা সড়কে কোনো মোটরযান চালাতে পারবেন না। একই সঙ্গে প্রশিক্ষণ চলাকালে গাড়ির দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘L’ চিহ্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে বিআরটিএর ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ নির্দেশনার কথা জানানো হয়।
বিআরটিএর বার্তায় বলা হয়, মূল ড্রাইভিং লাইসেন্স ছাড়া সড়কে মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ। শিক্ষানবিশ লাইসেন্সধারীরা কেবল বৈধ প্রশিক্ষকের সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের সময় গাড়ি চালাতে পারবেন। এ সময় গাড়ির দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘L’ চিহ্ন রাখতে হবে।
সাধারণত ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আগে গাড়ি চালানো শেখার জন্য শিক্ষানবিশ বা লার্নার লাইসেন্স নিতে হয়। প্রশিক্ষণ চলাকালে শিক্ষানবিশ চালককে সহজে শনাক্ত করার জন্য গাড়ির সামনে ও পেছনে দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘L’ লেখা বোর্ড বা চিহ্ন রাখতে হয়।
ইংরেজি ‘Learner’ শব্দের সংক্ষিপ্ত রূপ ‘L’। এ চিহ্ন দেখে অন্য যানবাহনের চালকেরা বুঝতে পারেন, সংশ্লিষ্ট গাড়িটি একজন শিক্ষানবিশ চালাচ্ছেন। ফলে তাঁরা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করতে পারেন।
বিআরটিএর এ নির্দেশনার মূল লক্ষ্য শিক্ষানবিশ চালকদের প্রশিক্ষণের সময় সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, ট্রাফিক আইন মেনে চলতে উৎসাহিত করা এবং সড়কে দুর্ঘটনার ঝুঁকি কমানো।
0 মন্তব্য