মোহাম্মদ সালাহকে দলে ভেড়ানোর প্রভাব শুধু মাঠের খেলায় সীমাবদ্ধ নেই বলে মন্তব্য করেছেন তুরস্কের ক্লাব ট্রাবজনস্পোরের সভাপতি এরতুঘরুল দোগান। তারকা এই মিশরীয় ফুটবলারকে ঘিরে ক্লাবের সমর্থক ও পুরো শহরজুড়ে আনন্দ-উচ্ছ্বাসের ঢেউ তৈরি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
দোগান বলেন, ট্রাবজনে মানুষ এখন ‘মোহাম্মদ সালাহ’ নাম শুনেই ঘুম থেকে উঠছে এবং ঘুমাতে যাচ্ছে। দলটিতে যোগ দেওয়ার প্রথম দিন থেকেই সালাহকে ঘিরে ক্লাবের ভেতরে ও বাইরে অভূতপূর্ব এক পরিবেশ তৈরি হয়েছে।
ট্রাবজনস্পোরের সভাপতি বলেন, তারা সালাহকে শুধু একজন ফুটবলার হিসেবে নয়, গুরুত্বপূর্ণ একজন মানুষ ও ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবেও দেখছেন। তার মতো জনপ্রিয় ও নিষ্ঠাবান একজন মুসলিম খেলোয়াড়ের উপস্থিতি তুরস্ক ও মিসরের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন তিনি। পাশাপাশি এর প্রভাব অন্যান্য ক্ষেত্রেও পড়তে পারে বলে মন্তব্য করেন দোগান।
এদিকে তুরস্কের লিগে নিজেদের প্রথম ম্যাচে কাসিমপাশার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ট্রাবজনস্পোর। ম্যাচের শেষ ৩০ মিনিট মাঠে ছিলেন সালাহ। শেষ মুহূর্তে তার নেওয়া একটি শট পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যাওয়ায় জয়সূচক গোলের সুযোগ হাতছাড়া হয়।
0 মন্তব্য