রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে ১৬ কেজি স্বর্ণের বার জব্দ করেছে যৌথ অভিযানে ঢাকা কাস্টমস হাউজ। এ স্বর্ণ ফলের ক্যারেটের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ছিল বলে সূত্র জানিয়েছে।
রোববার (১৯ জুলাই) স্বর্ণের এ চালানটি উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, চোরাচালান চক্র বিদেশ থেকে আনা ফলের চালানের আড়ালে স্বর্ণ পাচারের চেষ্টা করছিল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কার্গো ভিলেজে অভিযান চালিয়ে ফলের ক্যারেটের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মোট পরিমাণ অন্তত ১৬ কেজি বলে জানা গেছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া স্বর্ণের প্রকৃত মালিক, চালানের উৎস এবং এর সঙ্গে জড়িত চোরাচালান চক্র সম্পর্কে তদন্ত চলছে।
ঢাকা কাস্টমস জানায়, ডিক্লারেশন দেওয়া ছিল ফল হিসেবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
0 মন্তব্য