গাজীপুর সাফারি পার্কে অন্য হাতির হামলায় গুরুতর আহত ‘রাজু বাহাদুর’ এবং ব্যাকটেরিয়ায় আক্রান্ত আরেকটি হাতির মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে পার্ক কর্তৃপক্ষ। নানা চিকিৎসার পরও গত ৬ ও ৭ আগস্ট হাতি দুটি মারা যায়।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান জানান, গত ৭ আগস্ট সকালে রাজা বাহাদুর নামের হাতিটিকে সকালে পার্কের হাতিশালায় মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। আগের দিন ৬ আগস্ট রাতে আরেকটি হাতির মৃত্যু হয়।
তিনি জানান, চলতি বছরের ২৪ মে পার্কের হাতিশালায় শেকলে বাঁধা ১০ বছর বয়সি রাজু বাহাদুরের ওপর হামলা করে ৪ বছর বয়সি হাতি জয়িতা। আক্রমণে রাজু বাহাদুরের একটি পা ভেঙে যায়। তার চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়, পাশাপাশি থাইল্যান্ড থেকে আনা হয় বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক। এছাড়া শ্রীলঙ্কার চিকিৎসকদের পরামর্শও নেওয়া হয়েছিল। তবে সব চেষ্টা মাড়িয়ে গত ৭ আগস্ট শুক্রবার হাতিটির মৃত্যু হয়।
কর্মকর্তা তারেক রহমান জানান, এর আগের দিন ৬ আগস্ট ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ থাকা অন্য একটি হাতি মারা গেছে। দুটি হাতির মৃত্যুর পর এগুলোর দেহের নমুনা ল্যাবে পাঠানো হয়েছে। পরে হাতি দুটিকে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পার্কের ভেতরে মাটিচাপা দেওয়া হয়েছে। বর্তমানে সাফারি পার্কে হাতির রয়েছে ৮টি।
উল্লেখ্য, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ২০২৫ সালের জানুয়ারি মাসে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে রাজু বাহাদুরকে উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কের হাতিশালায় নেওয়া হয়। উদ্ধারের সময় রাজু বাহাদুরের বয়স ছিল ৯ বছর।
0 মন্তব্য