রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ‘উৎসবে, গর্বে, দায়িত্বে’ প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবের অংশ হিসেবে শুক্রবার (১৪ আগস্ট) সকালে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘ঢাকা হেরিটেজ সাইকেল র্যালি’।
ডিএসসিসির আয়োজনে এবং বিডি ট্যুরিস্ট সাইক্লিস্টের সহযোগিতায় সকাল ৭টায় ঢাকা গেট থেকে র্যালিটি শুরু হয়। ঢাকার বিভিন্ন ঐতিহাসিক সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র্যালিতে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। এছাড়া র্যালিতে অংশ নেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাইক্লিস্টরা।
র্যালির উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘ঢাকা আমাদের প্রাণের শহর, ঐতিহ্যের ধারক ও বাহক। ঢাকাকে ঘিরেই আগামীর বাংলাদেশ।’
তিনি বলেন, একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ঢাকার প্রতিটি রাস্তায় সাইকেল চলাচলের উপযোগী পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এমন একটি ঢাকা প্রয়োজন, যেখানে প্রতিটি নাগরিক নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন।
তরুণ প্রজন্মকে সাইকেল ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি সুস্থ ও পরিবেশবান্ধব জীবনযাপনের সুযোগ তৈরির আহ্বান জানান তিনি। ঢাকার সড়কগুলোতে সাইকেল চলাচলের নিরাপদ ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।
ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ডিএসসিসি ১ আগস্ট থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ শিরোনামের মাসব্যাপী এ উৎসব আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আগামী ২৯ অক্টোবর ‘গৌরবময় ঢাকা, হৃদয়ে ঢাকা ৪১৬’ শিরোনামে ঢাকা দিবসের মূল অনুষ্ঠান আয়োজনের কথাও জানানো হয়েছে।
ঢাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের আবেগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাইক্লিস্টদের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ। পরিবেশবান্ধব বাহন সাইকেলের মাধ্যমে প্রিয় শহরের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি সুস্থ জীবনযাপন, পরিবেশ সংরক্ষণ ও নাগরিক সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
বিডি ট্যুরিস্ট সাইক্লিস্টের প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম টুববুস বলেন, সাইক্লিস্টরা সবসময় পরিবেশ রক্ষা ও সুস্থ জীবনযাপনের বার্তা নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে আসছেন। ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন নগরবাসীর মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোর পাশাপাশি ঐতিহ্যের প্রতি ভালোবাসা আরও জোরালো করবে।
তিনি আরও বলেন, শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষের মধ্যে সাইকেল চালানোর আগ্রহ ও সুযোগ তৈরি করা প্রয়োজন। এর মাধ্যমে সুস্থ, সচেতন ও পরিবেশবান্ধব জীবনধারায় মানুষকে উদ্বুদ্ধ করা সম্ভব।
র্যালিতে অংশ নেওয়া সাইক্লিস্টরা ‘হৃদয় ঢাকা, ঘুরবে সাইকেলের চাকা’—এই থিমকে সামনে রেখে যানজট নিরসন, পরিচ্ছন্ন নগর ও নাগরিক সচেতনতা বৃদ্ধির বার্তা দেন। তাদের প্রত্যাশা, সাইকেলভিত্তিক এমন উদ্যোগের মাধ্যমে ঢাকার নগরজীবনে স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব সংস্কৃতি আরও বিস্তৃত হবে।

‘ঢাকা ঐতিহ্যবাহী সাইকেল র্যালি’ উদযাপন সাব-কমিটির আহ্বায়ক ছিলেন অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আবু আসলাম। সদস্য সচিব ছিলেন অঞ্চল-৫-এর নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. লুৎফর ফকির।
এ ছাড়া ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ বুড়িগঙ্গা মঞ্চের জাতীয় কমিটির নির্বাহী সদস্য কামরুল হাসান চৌধুরী বিপু, ঢাকা সমিতির ভারপ্রাপ্ত মহাসচিব মো. ইমরান হাসান, ‘হৃদয়ে ঢাকা-৪১৬, ঢাকা দিবস ২০২৬’ উদযাপন কমিটির সদস্য ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্যের পিএস মো. ফারুক হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বর্ণাঢ্য এ সাইকেল র্যালির মধ্য দিয়ে ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি ভালোবাসার পাশাপাশি পরিচ্ছন্ন, নিরাপদ ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
0 মন্তব্য