পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জনগণের আস্থা অর্জন করতে হলে পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত, মানবিক, পেশাদার ও সেবামুখী বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে।
রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। এ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নবীন পুলিশ কর্মকর্তাদের সততা, স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহারে জড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, অতীতের কারণে পুলিশ বাহিনীর যে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা কাটিয়ে উঠতে জনগণের আস্থা পুনর্গঠনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ জন্য নিরপেক্ষতা, মানবিক আচরণ এবং আইনের শাসনের প্রতি অটল থাকার বিকল্প নেই। সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়েও কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।
ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, সাইবার অপরাধ ও প্রযুক্তিভিত্তিক জালিয়াতি দিন দিন বাড়ছে। এসব অপরাধ দমনে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কারিগরি সক্ষমতা আরও বাড়াতে হবে।
অনুষ্ঠানে প্রথম পর্যায়ের ৫৮ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে কর্মজীবনে প্রবেশ করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।
প্রশিক্ষণে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মো. নূরুল হুদা ভূঁইয়া ‘বেস্ট প্রবেশনার’ ও ‘বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ’—উভয় বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। ‘বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড’ পান আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম এবং ‘বেস্ট শ্যুটার’ নির্বাচিত হন এ বি এম মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমান।
সূত্র : বাসস
0 মন্তব্য