বগুড়া সদর উপজেলায় সাবেক ইউপি সদস্য ও খামারি সাইফুল ইসলামকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আশোকোলা পূর্বপাড়া (বাঘোপাড়া) এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
সাইফুল ওই এলাকার মৃত আবেদ আলী মণ্ডলের ছেলে। তিনি সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের দুইবারের নির্বাচিত সাবেক ইউপি সদস্য (মেম্বার) ছিলেন এবং পেশায় খামারি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে বাঘোপাড়া বাজার থেকে নাতিকে সঙ্গে নিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন সাইফুল ইসলাম। বাড়ির কাছাকাছি পৌঁছালে আগে থেকে সেখানে ওত পেতে থাকা তিন যুবক তার পথরোধ করেন।
এসময় তাদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হলে এক পর্যায়ে দুর্বৃত্তরা রামদা দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। সাইফুল রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে তাকে পাশের ধানি জমিতে ফেলে রেখে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করাসহ সেখান থেকে এক জোড়া জুতা ও একটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
সাইফুলের লাশ বর্তমানে শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
0 মন্তব্য