আগামী পাঁচ বছরের মধ্যে দেশের শিক্ষাব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করা, কর্মমুখী শিক্ষা চালু এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।
রোববার (৯ আগস্ট) রাজধানীর হোটেল শেরাটনে ইউনিসেফ আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষা শেষ করেও অনেক শিক্ষার্থী মৌলিক বিষয়গুলো যথাযথভাবে আয়ত্ত করতে পারছে না। এ সমস্যা সমাধানে শিক্ষাকে আরও কর্মমুখী করার পাশাপাশি ধাপে ধাপে প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।
প্রাইভেট টিউশনের ওপর শিক্ষার্থীদের অতিরিক্ত নির্ভরতার সমালোচনা করে ববি হাজ্জাজ বলেন, এর ফলে শ্রেণিকক্ষে প্রয়োজনীয় শিক্ষা থেকে অনেক শিক্ষার্থী বঞ্চিত হচ্ছে। তাই বিদ্যালয়েই শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা নিশ্চিত করতে হবে।
এ ছাড়া প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলাকে শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।
0 মন্তব্য