এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা থাকলেও প্রতিবার সৌদি আরবে প্রবেশের আগে নতুন করে সার্ভিস প্যাকেজ বুকিং এবং ওমরাহ পারমিট নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
নতুন নির্দেশনা অনুযায়ী, ৩৬৫ দিন মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসাধারীদের প্রতিটি সফরের আগে ‘নুসুক’ (Nusuk) প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে নতুন সার্ভিস প্যাকেজ কিনতে হবে। একই সঙ্গে সৌদি আরবে পৌঁছানোর আগেই ‘নুসুক’ অ্যাপ থেকে ওমরাহ পারমিট সংগ্রহ করতে হবে।
গত জুলাইয়ে চালু হওয়া এই বিশেষ ওমরাহ ভিসা ইস্যুর তারিখ থেকে এক বছর পর্যন্ত কার্যকর থাকবে। এ সময়ে একাধিকবার সৌদি আরবে প্রবেশের সুযোগ থাকলেও দেশটিতে সব মিলিয়ে সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করা যাবে।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ পালনকারীদের যাতায়াত ও সময়সূচি ব্যবস্থাপনায় আরও স্বাচ্ছন্দ্য আনতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ভিসার মেয়াদ এক বছর হওয়ায় ইচ্ছামতো যেকোনো সময় সৌদি আরবে প্রবেশ করা যাবে না। প্রতিবার সফরের আগে নির্ধারিত নিয়ম ও শর্ত পূরণ করতে হবে।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি সফরের জন্য নুসুকের মাধ্যমে অনুমোদিত নতুন সার্ভিস প্যাকেজ নিতে হবে। ওই প্যাকেজের মেয়াদ কোনোভাবেই ভিসার অবশিষ্ট মেয়াদের বেশি হতে পারবে না। পাশাপাশি ওমরাহ পারমিটে উল্লেখিত তারিখ এবং সার্ভিস প্যাকেজের নির্ধারিত তারিখের মধ্যে পূর্ণ মিল থাকতে হবে।
প্রথমবার ওমরাহ পালনকারীদের ক্ষেত্রে নুসুক প্ল্যাটফর্মে সার্ভিস প্যাকেজ কেনার মাধ্যমে প্রক্রিয়া শুরু হবে। এরপর ভিসার আবেদন ও প্রয়োজনীয় প্রশাসনিক ধাপ সম্পন্ন করতে হবে।
সৌদি আরবে পৌঁছানোর পর বন্দরে প্রবেশের তথ্য নথিভুক্ত করা হবে এবং প্রস্থানের তথ্যও স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হবে। এর মাধ্যমে একজন যাত্রী অনুমোদিত ৯০ দিনের মধ্যে মোট কতদিন সৌদিতে অবস্থান করেছেন, তা হিসাব করা হবে।
অর্থাৎ, এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা থাকলেও প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে অনুমোদিত সার্ভিস প্যাকেজ কেনা এবং নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট সংগ্রহ করা বাধ্যতামূলক।
0 মন্তব্য